অনাচার অনিয়মের সকল সিন্ডিকেট ভেঙ্গে দিতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাষ্ট্র পরিচালনায় দলীয় বা রাজনৈতিক প্রভাব নয়— আইনের শাসনই হবে সর্বোচ্চ নীতি। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচারিত বক্তব্যে তিনি এ কথা জানান।

ভাষণে তিনি বলেন, অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত সব ধরনের সিন্ডিকেট ভেঙে দিতে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে। ব্যবসায়ীদের উদ্দেশে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, পবিত্র রমজান মাসকে অতিরিক্ত মুনাফা অর্জনের সময় হিসেবে দেখা উচিত নয়। নির্বাচনে যারা বিএনপিকে সমর্থন করেছেন কিংবা করেননি— সবার প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি সমান থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিনের দুর্নীতি, অব্যবস্থাপনা ও দুঃশাসনের প্রভাবে দেশের অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতিও অবনতির দিকে গেছে। এমন প্রেক্ষাপটেই নতুন সরকার দায়িত্ব নিয়েছে।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতি দমনে কঠোর ব্যবস্থা গ্রহণই সরকারের প্রধান অগ্রাধিকার। দেশজুড়ে জুয়া ও মাদকের বিস্তার সামাজিক অস্থিরতা এবং অপরাধ বৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এসব নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। জনগণের জানমাল সুরক্ষা ও নিরাপদ সমাজ গঠনে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও তিনি আশ্বস্ত করেন।

তারেক রহমান আরও বলেন, রাষ্ট্রের সব সাংবিধানিক এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান নির্ধারিত নীতিমালা ও বিধি মেনেই পরিচালিত হবে। দলীয় প্রভাব, রাজনৈতিক চাপ কিংবা ব্যক্তিগত ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

তিনি পুনর্ব্যক্ত করেন, জোরজবরদস্তি নয়— আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার ভিত্তি। ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের আস্থা পুনরুদ্ধারে সবার সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।

Leave a Comment