ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর শপথ নিয়ে সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব নেওয়ার পর রুলস অব বিজনেস অনুযায়ী মন্ত্রিসভার সদস্যদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বণ্টন করেছেন তিনি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী নিজের অধীনে একটি মন্ত্রণালয় ও দুটি বিভাগসহ মোট তিনটি গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব রেখেছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব নিজের কাছে রেখেছেন।
অন্যদিকে, বাকি মন্ত্রণালয় ও বিভাগগুলো নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে বণ্টন করা হয়েছে।
এর আগে মঙ্গলবার বিকেলে তিনি দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। শপথের পরপরই ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীকে নিয়োগ দেওয়া হয়। পরে দপ্তর বণ্টন সম্পন্ন হলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়।