রমজানে সংযমের মধ্য দিয়ে শান্তি ও স্বস্তি ফিরে আসুক : মির্জা ফখরুল

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

দলের সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বাণীতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

বাণীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পবিত্র রমজান উপলক্ষে তিনি বাংলাদেশ ও বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান। রমজানের প্রধান ইবাদত সিয়াম বা রোজা উল্লেখ করে তিনি বলেন, এ মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামিনের কাছে ক্ষমা ও করুণা প্রার্থনা করলে আল্লাহ তাআলা সন্তুষ্টচিত্তে তাকে ক্ষমা করেন। অন্যান্য মাসের তুলনায় রমজান অধিক মর্যাদাপূর্ণ ও বরকতময় বলেও উল্লেখ করেন তিনি।

তিনি কোরআনের আয়াত উদ্ধৃত করে বলেন, রমজান মাসেই মানবজাতির পথনির্দেশনা ও সত্য-মিথ্যার পার্থক্য নির্ণায়ক হিসেবে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। তাই এ মাসের তাৎপর্য অত্যন্ত গভীর। রমজান আত্মশুদ্ধি, আত্মসংযম ও আধ্যাত্মিক উৎকর্ষ অর্জনের বিশেষ সময়। সিয়াম সাধনার মাধ্যমে মানুষ পাপ থেকে বিরত থাকে এবং ঈমান ও তাকওয়া অর্জনের সুযোগ পায়। এ মাসে ইবাদত-বন্দেগিতে আল্লাহর রহমত ও বরকত বহুগুণে নাজিল হয় বলেও তিনি উল্লেখ করেন।

মির্জা ফখরুল বলেন, সংযমের চর্চার মাধ্যমে হিংসা-বিদ্বেষ, প্রতিহিংসা, অশ্লীলতা ও অনৈতিকতা থেকে মুক্ত হয়ে সমাজ জীবনে শান্তি, স্বস্তি ও ন্যায় প্রতিষ্ঠিত হোক—এই হোক রমজানের প্রার্থনা। তিনি মাহে রমজানে সবার সুখ-শান্তি ও কল্যাণ কামনা করেন।

বাণীর শেষে তিনি বলেন, “আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।”

Leave a Comment