করদাতা প্রবাসীদের জন্য NBR চালু করলো বিশেষ সুবিধা

বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য ই-রিটার্ন দাখিল আরও সহজ করতে বিশেষ নিবন্ধন সুবিধা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন ব্যবস্থায় মোবাইল ফোনের পরিবর্তে করদাতার নিজস্ব ই-মেইলে ওটিপি (OTP) পাঠিয়ে পাসওয়ার্ড রিসেট ও নিবন্ধন সম্পন্ন করা যাবে।

এনবিআর জানিয়েছে, যেসব করদাতা বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করে ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করেছিলেন কিন্তু বর্তমানে বিদেশে থাকায় মোবাইল ওটিপি ব্যবহার করতে পারছেন না—তাদের জন্য ই-মেইল ভেরিফিকেশন পদ্ধতি চালু করা হয়েছে।

যেভাবে আবেদন করবেন

বিদেশে অবস্থানরত করদাতাকে নিজের ই-মেইল থেকে ereturn@etaxnbr.gov.bd ঠিকানায় আবেদন পাঠাতে হবে। আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে—

  • পাসপোর্টের কপি
  • জাতীয় পরিচয়পত্রের কপি
  • ভিসা পেজের কপি
  • বিদেশে বর্তমান ঠিকানা
  • বিদেশে ব্যবহৃত মোবাইল/ফোন নম্বর
  • সর্বশেষ বাংলাদেশ ত্যাগের তারিখ

আবেদন যাচাই-বাছাই শেষে এনবিআর ই-মেইল ভেরিফাই করবে। এরপর করদাতা ভেরিফাইড ই-মেইলে প্রাপ্ত ওটিপি ব্যবহার করে পাসওয়ার্ড রিসেট, পুনঃনিবন্ধন এবং ই-রিটার্ন দাখিলসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

অনলাইনে ই-রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজ হওয়ায় ২০২৫–২৬ করবর্ষে এখন পর্যন্ত প্রায় ৩৯ লাখ আয়কর রিটার্ন অনলাইনে জমা পড়েছে। এনবিআর সকল ব্যক্তি করদাতাকে আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৫-এর মধ্যে ২০২৫–২৬ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করার আহ্বান জানিয়েছে।

Leave a Comment