বিদ্যালয়গুলোর ছুটি কবে থেকে?

কলেজের নির্ধারিত বর্ষপঞ্জি অনুযায়ী, আজ থেকে পবিত্র রমজান উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি কলেজগুলোতে টানা ৩৯ দিনের ছুটি শুরু হয়েছে। আগামী ২৯ মার্চ থেকে পুনরায় ক্লাস কার্যক্রম শুরু হবে।

শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত কলেজ বন্ধ থাকবে। ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক দিনের ছুটি রয়েছে। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২৯ মার্চ, রোববার থেকে কলেজ খুলবে।

ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত ১০ দিন ছুটি থাকবে। দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা মিলিয়ে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত আরও ১০ দিনের অবকাশ নির্ধারিত হয়েছে। এছাড়া শীতকালীন ছুটি হিসেবে ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১১ দিন শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।

প্রতিবছরের মতো এ বছরও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের জন্য সংরক্ষিত তিন দিনের বিশেষ ছুটি রাখা হয়েছে, যা প্রয়োজনে ব্যবহার করা যাবে।

এদিকে ২০২৬ শিক্ষাবর্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় এবং কলেজগুলোর বাৎসরিক ছুটির তালিকাও প্রকাশ করা হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগের বছরের তুলনায় ১২ দিন ছুটি কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রমজান মাসের প্রায় পুরো সময়ই প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে—২১ রমজান পর্যন্ত পাঠদান চলবে।

মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রেও আগের বছরের তুলনায় ১২ দিন ছুটি কমানো হয়েছে। শবে মেরাজ, জন্মাষ্টমী ও আশুরাসহ কয়েকটি দিবসের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি রমজান মাসের অর্ধেকের বেশি সময় বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, মাদরাসাগুলোতে পবিত্র রমজান উপলক্ষে ১৫ ফেব্রুয়ারি থেকে ছুটি কার্যকর হয়েছে।

Leave a Comment