রাজধানীতে পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিতে ঝাড়ু হাতে জামায়াত আমির

ডা. শফিকুর রহমান ভোরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীতে পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার মণিপুর এলাকায় এ কার্যক্রম পালন করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ফজরের নামাজের পর দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি সড়ক পরিষ্কারে অংশ নেন। ঝাড়ু হাতে রাস্তার ময়লা পরিষ্কার করতে দেখা যায় তাঁকে। সঙ্গে থাকা কর্মীরা পলিথিনে করে আবর্জনা সংগ্রহ করেন। প্রায় ১৫ থেকে ২০ মিনিট এ কার্যক্রম চলে।

ভিডিওতে মোহাম্মদ সেলিম উদ্দিন-কেও ঝাড়ু হাতে অংশ নিতে দেখা যায়।

কর্মসূচি শেষে সাংবাদিকদের তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের মাধ্যমে সমাজের ‘আবর্জনা’ দূর করাই তাঁদের লক্ষ্য। সবার সম্মিলিত উদ্যোগে একটি পরিচ্ছন্ন দেশ গড়া সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ‘জুলাই না এলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না, আমিও হতে পারতাম না বিরোধী দলীয় প্রধান।’ তাঁর ভাষ্য, জুলাইকে স্বীকৃতি ও সম্মান জানিয়ে সংসদে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা সবার দায়িত্ব।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। মঙ্গলবার সংসদ সদস্যদের শপথের পর অনুষ্ঠিত সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে একই দিন জামায়াতের সংসদ সদস্যরা শপথ নেন। পরে এনসিপির সংসদ সদস্য এবং ১১-দলীয় জোটের সদস্যরাও শপথগ্রহণ করেন; জোটের সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন।

Leave a Comment