প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদী।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী সচিব সামিউল আমিনের স্বাক্ষর রয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী যুগ্মসচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী যতদিন দায়িত্বে থাকবেন অথবা তাঁকে এ পদে বহাল রাখার ইচ্ছা পোষণ করবেন, ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে।
এ আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।
উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। এরপর তাঁর নেতৃত্বাধীন মন্ত্রিসভার ৪৯ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীও শপথ গ্রহণ করেন।