দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে বৈদেশিক সম্পর্ক পরিচালনা করা হবে : পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

প্রতিবেশীসহ যেকোনো দেশের সঙ্গে আলোচনায় জাতীয় স্বার্থ সম্পূর্ণভাবে নিশ্চিত করার অঙ্গীকার করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থেকে নির্বাচিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী হওয়া নিয়ে ওঠা সমালোচনার জবাবে তিনি বলেন, যারা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ তুলছেন, তারা চাইলে ভোট পুনর্গণনার উদ্যোগ নিতে পারেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে বৈদেশিক সম্পর্ক পরিচালনা করা হবে। জাতীয় স্বার্থ “পাই পাই করে” বুঝে নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রণীত বৈদেশিক নীতির আলোকে সরকার এগোতে চায়। একই সঙ্গে সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ইচ্ছাও ব্যক্ত করেন তিনি।

রোহিঙ্গা ইস্যুতে নজরদারি ও কূটনৈতিক তৎপরতা বাড়ানোর কথা জানিয়ে খলিলুর রহমান বলেন, মিয়ানমার সরকার ও আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ আরও জোরদার করা হবে।

নির্বাচন নিয়ে বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, তিনি ব্যক্তিগত ইচ্ছায় মন্ত্রী হননি। যারা নির্বাচনে অনিয়মের অভিযোগ করছেন, তারা চাইলে ভোট পুনর্গণনার দাবি তুলতে পারেন।

উল্লেখ্য, অতীতে তার পদত্যাগ দাবি করলেও সময়ের সঙ্গে পরিস্থিতি বদলায় বলে মন্তব্য করেন তিনি। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদও উপস্থিত ছিলেন। তিনি বলেন, জনগণের স্বার্থ সুরক্ষাই হবে দেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি।

Leave a Comment