পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, বাজার তদারকি জোরদার করা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দেওয়া এক বিবৃতিতে দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ পবিত্র রমজান মাসের শুভাগমন উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং সংশ্লিষ্টদের প্রতি এ আহ্বান জানান।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, বৃহস্পতিবার থেকে দেশে সিয়াম সাধনার মাস রমজান শুরু হয়েছে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বুধবার থেকেই রোজা পালন শুরু হয়েছে বলেও জানান তিনি।
মহাসচিব বলেন, রমজান হলো তাকওয়া, সংযম, আত্মশুদ্ধি ও আত্মনিয়ন্ত্রণের মাস। এ সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং বাজার ব্যবস্থাপনায় কার্যকর নজরদারি নিশ্চিত করা সরকারের নৈতিক ও প্রশাসনিক দায়িত্ব। গরিব ও মধ্যবিত্ত মানুষের ভোগান্তি কমাতে জরুরি পদক্ষেপ গ্রহণ এবং অসাধু মজুতদার ও কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। একই সঙ্গে বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করার আহ্বান জানান।
ব্যবসায়ী সমাজের প্রতি আহ্বান জানিয়ে মাওলানা জালালুদ্দীন আহমেদ বলেন, রমজানকে অতিরিক্ত মুনাফার সুযোগ হিসেবে না দেখে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা উচিত। রোজাদারদের কষ্ট লাঘবে সহযোগিতার মনোভাব প্রদর্শন করাই ইসলামের শিক্ষা বলেও উল্লেখ করেন তিনি।
বিবৃতিতে আরও বলা হয়, রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা, অশ্লীলতা ও অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করা এবং অনাচার-অবিচারের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা প্রয়োজন। এ ক্ষেত্রে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করা হয়।
পাশাপাশি দলীয় নেতাকর্মীদের রমজানের পবিত্রতা রক্ষায় সক্রিয় থাকা, ইবাদত-বন্দেগিতে মনোযোগী হওয়া এবং আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাধ্যমে সমাজ সংস্কারে ভূমিকা রাখার আহ্বান জানান খেলাফত মজলিসের মহাসচিব।