প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে আবু আবদুল্লাহ এম ছালেহকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তাকে সচিব পদমর্যাদায় এ দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আবু আবদুল্লাহ এম ছালেহকে অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে সরকারের সচিব পদমর্যাদা ও নির্ধারিত বেতন (৭৮ হাজার টাকা) অনুযায়ী প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে—যেটি আগে ঘটবে—এই চুক্তিভিত্তিক নিয়োগ বহাল থাকবে। নিয়োগসংক্রান্ত অন্যান্য শর্ত চুক্তিপত্রে নির্ধারিত হবে বলেও জানানো হয়েছে।
এদিকে, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হিসেবে আতিকুর রহমান রুমনকেও চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। একই দিন পৃথক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় এ তথ্য জানায়।
প্রজ্ঞাপনে বলা হয়, আতিকুর রহমান রুমনকে অন্য যেকোনো পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টতা পরিত্যাগের শর্তে গ্রেড-২ বেতন স্কেলের সর্বশেষ ধাপে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটবে) এ নিয়োগ কার্যকর থাকবে। অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করেছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন