মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভবিষ্যতে দলীয় প্রতীকে সিটি নির্বাচন হবে কি না—সে সিদ্ধান্ত সংসদে নেওয়া হবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার দুই সিটিসহ ছয়টি সিটি করপোরেশনের প্রশাসকরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদানের পর তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, নির্ধারিত মেয়াদ অনুযায়ী পর্যায়ক্রমে নির্বাচন আয়োজন করা হবে। তবে দলীয় প্রতীক ব্যবহারের বিষয়টি আইন ও সংসদীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
তিনি আরও বলেন, আপাতত পৌরসভায় রাজনৈতিক প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা সরকারের নেই।
এ সময় এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকারি কর্মকর্তাদের তুলনায় রাজনৈতিক নেতারা জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকায় তারা কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারবেন—এই বিবেচনায় তাদের নিয়োগ দেওয়া হয়েছে।
সকালে সিটি করপোরেশনের নতুন প্রশাসকরা মন্ত্রীর কাছে যোগদানপত্র জমা দেন। দায়িত্ব গ্রহণের পর তারা জানান, মশক নিয়ন্ত্রণ, যানজট নিরসন, সড়ক সংস্কার এবং দুর্নীতি প্রতিরোধে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। দীর্ঘদিন অকার্যকর থাকা সিটি করপোরেশনগুলোতে সেবার মান উন্নয়ন ও জনভোগান্তি কমানোই হবে তাদের প্রধান লক্ষ্য।