নতুন মন্ত্রীদের জন্য ৩৭টি সরকারি বাসভবন প্রস্তুত : গণপূর্ত উপদেষ্টা

নতুন প্রধানমন্ত্রীর পছন্দ ও অভিপ্রায় অনুযায়ী তার সরকারি বাসভবন নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বাসভবন সংক্রান্ত বিষয়ে বিএনপির সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। দল যেভাবে চাইবে, সেভাবেই ব্যবস্থা করা হবে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে নতুন মন্ত্রীদের বাসভবন প্রসঙ্গে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

গণপূর্ত উপদেষ্টা বলেন, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য এখন পর্যন্ত ৩৭টি সরকারি বাসভবন প্রস্তুত করা হয়েছে। মিন্টো রোড, ধানমন্ডি ও গুলশান এলাকায় এসব বাড়ি প্রস্তুত রয়েছে। প্রয়োজন হলে আরও কিছু বাসভবন প্রস্তুতের কাজও চলছে। শপথ গ্রহণের সময়ের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, গণআন্দোলনের মধ্য দিয়ে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছিল। গত ১৮ মাস ধরে জনগণের স্বার্থে কাজ করার চেষ্টা করা হয়েছে। দীর্ঘ সাড়ে ১৫ বছরের স্বৈরাচারী শাসনব্যবস্থা থেকে দেশকে নতুন গতিপথে আনার প্রয়াস চালানো হয়েছে এবং সরকারের কর্মকাণ্ডে জনগণের প্রতি দায়বদ্ধ থাকার চেষ্টা ছিল।

দুর্নীতি নিয়ে টিআইবির প্রতিবেদনের প্রসঙ্গে আদিলুর রহমান খান বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাকেই প্রশ্ন করা উচিত। তার মতে, জনআলোচনা ও টিআইবির প্রতিবেদনের মূল্যায়ন সবসময় এক নয়। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা সরাসরি যুক্ত ছিলেন, তাদের মতামত নিলে ভিন্ন চিত্রও পাওয়া যেতে পারে। তিনি জানান, বিভিন্ন খাতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে; কিছু ক্ষেত্রে কাজ শেষ হয়নি, তবে সেগুলোও পর্যায়ক্রমে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment