নতুন সরকারের যাত্রা শুরু হচ্ছে প্রথম কর্মদিবসের মধ্য দিয়ে। দিনটির সূচনায় মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। একই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করার কর্মসূচি রয়েছে।
সকাল ১০টার দিকে গুলশানের বাসভবন থেকে সাভারের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করবেন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে স্মৃতিসৌধ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দুপুর ১টার দিকে সচিবালয়ে পৌঁছে মধ্যাহ্নভোজ ও নামাজ আদায় করবেন তিনি। বিকেল ৩টায় অনুষ্ঠিতব্য মন্ত্রিসভার বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
দিনের শেষ ভাগে, বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, নির্ধারিত কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।